হরমুজ প্রণালীতে মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ সেপ্টেম্বর): হরমুজ প্রণালীর প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন (ইউএভি) আটকের চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআরজিসির মুখপত্র ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, একটি জটিল গোয়েন্দা অপারেশনের মাধ্যমে ডাইভ-এলডি (Dive-LD) মডেলের এই মনুষ্যবিহীন সাবমেরিনটি জব্দ করা হয়েছে। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তির এই সাবমেরিন আটকের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে ইরানি বাহিনী। এর পাশাপাশি, হরমুজ প্রণালীর আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত করার দাবিও তুলেছে তেহরান।

ঘটনার সত্যতা স্বীকার করে পেন্টাগনের এক মুখপাত্র জানান, তাদের একটি চালকবিহীন সাবমেরিন নির্ধারিত রুট থেকে নিখোঁজ হয়েছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই সাবমেরিনটি অচল হয়ে পড়েছিল। এছাড়া উদ্ধার হওয়া এই ড্রোনটি তুলনামূলক পুরোনো মডেলের এবং এতে কোনো ধরনের সংবেদনশীল গোয়েন্দা তথ্য বা ক্লাসিফাইড সোনার ও রাডার প্রযুক্তি ছিল না বলেও দাবি করেছে ওয়াশিংটন।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সেনাসদস্যদের জীবন ঝুঁকিতে না ফেলে সমুদ্রের তলদেশে নজরদারি বাড়াতে মনুষ্যবিহীন সাবমেরিন প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করছে মার্কিন সামরিক বাহিনী। নির্মাতাপ্রতিষ্ঠান অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি মডেলের এই ড্রোনটি একবারের চার্জে একটানা ১০ দিন পানির নিচে থাকতে এবং প্রায় ৬ হাজার মিটার গভীর পর্যন্ত ডুব দিতে সক্ষম। প্রতিটি সাবমেরিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ মার্কিন ডলার।

এদিকে হরমুজ প্রণালীর এই উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় নতুন করে ২৭টি ইরানি বিমান সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, বাণিজ্যিক এসব বিমান ব্যবহার করে আইআরজিসি গোপনে অস্ত্র ও সমরাস্ত্র পরিবহন করে থাকে। ২০০৮ সাল থেকেই ইরানের এভিয়েশন খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে, যার পরিধি এবার আন্তর্জাতিক রুটে চলাচলকারী এই এয়ারলাইন্সগুলোর ওপরও বিস্তার লাভ করল। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ