আটলান্টিকে ২৫ দিন ভেসে থাকা অভিবাসীবোঝাই নৌকা উদ্ধার, মৃত্যু ১৪০

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ জুলাই) : আটলান্টিক মহাসাগরের অথৈ জলে দীর্ঘ ২৫ দিন ধরে মৃত্যুযন্ত্রণা সহ্য করার পর অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে একটি পথহারা অভিবাসীবোঝাই নৌকা। আফ্রিকার মৌরিতানিয়ার নোয়াধিবু উপকূল থেকে গত ১৮ জুলাই নৌকাটি উদ্ধার হলেও ততক্ষণে সাগরের কড়াল গ্রাসে প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন অন্তত ১৪৩ জন অসহায় মানুষ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি গাম্বিয়ার বাফুলোটো অঞ্চল থেকে ইউরোপের স্বপ্নের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। লক্ষ্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। কিন্তু মাঝপথে জ্বালানি ফুরিয়ে গেলে অনন্ত সাগরেই থেমে যায় তাদের যাত্রা। দিনের পর দিন ভেসে থাকা নৌকাটি যখন উদ্ধার করা হয়, তখন তার ভেতরে জীবিত ছিলেন মাত্র ৩৮ জন। আশঙ্কাজনক অবস্থায় বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে ভাসছিল স্বজনদের বেশ কয়েকটি নিষ্প্রাণ দেহ। মর্মান্তিক বিষয় হলো, উদ্ধার হওয়া জীবিত যাত্রীদের মধ্যে এমন দুটি শিশুও রয়েছে, যারা এই দীর্ঘ ও প্রাণঘাতী যাত্রায় হারিয়ে ফেলেছে তাদের পরিবারের সবাইকে।

সাব-সাহারা অঞ্চলের এই হতভাগ্য মানুষগুলোর এই করুণ পরিণতি ফের মনে করিয়ে দিল আটলান্টিক সামুদ্রিক রুটের ভয়াবহতার কথা। ধারণক্ষমতার বহুগুণ বেশি যাত্রী এবং জরাজীর্ণ নৌকার কারণেই মূলত এই ধরনের ট্র্যাজেডি প্রতিনিয়ত ঘটছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। চলতি মাসের মাঝামাঝি সময়েই মৌরিতানিয়া উপকূল থেকে প্রায় ৩৮৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জোর দিয়ে বলেছে, কেবল সীমান্ত কড়াকড়ি নয়—বরং কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপদ আইনি পথ নিশ্চিত করার মাধ্যমেই সমুদ্রের এই বিষাদময় ‘মৃত্যুফাঁদ’ বন্ধ করা সম্ভব। সূত্র: আল-জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ