প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ জুলাই) : দেশের বস্ত্রখাতের বিকাশ, রপ্তানি বাড়াতে নতুন সম্ভাবনা এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধি দল।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে জাতীয় অর্থনীতিতে বস্ত্র শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রতিনিধি দলটির নেতৃবৃন্দ। বৈশ্বিক বাজারে দেশীয় পণ্যের শক্ত অবস্থান তৈরি এবং খাতের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা সহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।

বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে বলেও জানান উপ প্রেস সচিব।

এ সময়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ