রিজেন্টের সেই সাহেদ করিম ফের গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ জুলাই) : সিআর মামলার ওয়ারেন্টে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, জালিয়াতি ও প্রতারণার নানামুখী অভিযোগে এর আগেও আলোচনায় আসেন সাহেদ। করোনাকালে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া কোভিড রিপোর্ট তৈরি এবং রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে।
এরপর আত্মগোপনে থাকা সাহেদকে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরবর্তীতে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ তাকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেন।
মনোয়ারুল হক/
