যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ জুলাই) : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। তিনি সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিদায়ের প্রাক্কালে সকালে জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ দেবেন স্টারমার। এরপর প্রথা অনুযায়ী স্টারমার ও বার্নহ্যাম উভয়েই বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম, যেখানে ব্রিটিশ নাগরিকদের স্বস্তি ও সমৃদ্ধির এক নতুন বার্তা দেবেন বলে আভাস পাওয়া গেছে।
এদিকে লেবার পার্টির এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেও দেশের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। তার মতে, স্পষ্ট কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ডাউনিং স্ট্রিটের ক্ষমতা হাতে নিচ্ছেন বার্নহ্যাম।
উল্লেখ্য, গত মাসে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর, গত শুক্রবার লেবার পার্টির শীর্ষ পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় দলীয় প্রধান নির্বাচিত হন। সূত্র: বিবিসি
মনোয়ারুল হক/
