যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ জুলাই) : ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা রাজপথের সহযোগীদের সাথে এক উষ্ণ সন্ধ্যায় কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ শুভেচ্ছা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিটি টেবিলে গিয়ে আমন্ত্রিত নেতাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন ও কুশল জানতে চান। এ সময় তাঁর সাথে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে সম্পৃক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট ও ইসলামী ঐক্যজোটসহ সর্বমোট ৪১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আন্দোলনকালীন গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজপথের শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম আনুষ্ঠানিক মিলনমেলা।
মনোয়ারুল হক/
