শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ জুলাই) : ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে বহু হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এই মামলার আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনের নাম রয়েছে। এছাড়া আসামিদের মধ্যে একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, সাংবাদিক শাহরিয়ার কবির এবং তৎকালীন পুলিশ, র্যাব ও ডিএমপি কমিশনারের মতো শীর্ষ কর্মকর্তারাও অন্তর্ভুক্ত আছেন।
আজ রোববার (১৯ জুলাই) সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই তা আদালতে দাখিল করা হবে। এদিকে মামলার অগ্রগতির বিষয়ে জানতে আজ সকালেই হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের (মধুপুর পীর) নেতৃত্বে একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলে দলটির শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ওই ঘটনার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আনুষ্ঠানিক তদন্ত ও বিচারপ্রক্রিয়া সচল হয়েছে।
মনোয়ারুল হক/
