ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৯ জুলাই) : উপসাগরীয় অঞ্চলের তিন দেশ—কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বিশেষ করে বেসামরিক এলাকা এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধন প্লান্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ।
শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আক্রান্ত দেশগুলো নিজেদের সুরক্ষায় যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত এড়াতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।
এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি শোধন অবকাঠামোগুলোতে হামলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তেহরান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর এক ইরানি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, ওয়াশিংটনের আক্রমণ অব্যাহত থাকলে কুয়েতসহ অন্যান্য প্রতিবেশী দেশের জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করা হবে। ওই সূত্রটি আরও দাবি করেছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও উন্নত প্রযুক্তির মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে।
মনোয়ারুল হক/
