স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী বাছাইয়ে মতামত নিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ জুলাই) : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল নিরসন ও একক প্রার্থী চূড়ান্ত করতে সরাসরি মাঠপর্যায়ের নেতাদের মুখোমুখি হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তৃণমূলে যোগ্য প্রার্থী বাছাইয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই হাইকমান্ডের এই বিশেষ উদ্যোগ।

এর আগে ১৩ জুলাই বরিশালে সাংগঠনিক সভা করার পর, গতকাল পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ২৫টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সরাসরি কথা বলে জনমতের মূল্যায়ন নেন তারেক রহমান।

বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলটির মিডিয়া সেল জানিয়েছে, তৃণমূলের বাস্তব চিত্র এবং জনমতের ভিত্তিতেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

এছাড়া, দলীয় শৃঙ্খলা রক্ষায় হাইকমান্ডের সিদ্ধান্ত অমান্যকারী বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গেও এই মতবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ