ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৮ জুলাই) : কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা ও বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) সকালে তিনি উপজেলার মেহেরনামা, উজানটিয়া ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ভাঙা বেড়িবাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন, ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন, খাদ্য সহায়তা ও সব ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর একই স্থানে বাঁধ ভেঙে জনপদ প্লাবিত হওয়ার দুর্ভোগ আর চলতে দেওয়া হবে না। সাময়িক জোড়াতালির সংস্কার নয়, বরং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরি করে দ্রুত সংস্কারকাজ শুরুর তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরবর্তীতে তিনি পেকুয়া উপজেলা পরিষদ মাঠে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বারবার বন্যা ও ভাঙনের হাত থেকে ঘরবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ