অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ জুলাই) : বাংলাদেশ সরকারের অনুরোধে নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এই আলোচনার সমান্তরালে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে বড় ধরনের সতর্কতা জারি করেছে সংস্থাটি।

আইএমএফ জানিয়েছে, তীব্র রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে দেশের অর্থনীতি বর্তমানে মারাত্মক চাপের মুখে রয়েছে। এর ওপর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে আমদানি ব্যয় ও সরকারি ভর্তুকির বোঝা আরও ভারী হয়েছে, যা সার্বিক অর্থনৈতিক ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর শেষে আইএমএফের মিশন প্রধান আইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এক বিবৃতিতে এই মূল্যায়ন তুলে ধরে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, চলমান সংস্কার কর্মসূচিগুলো যদি সফলভাবে বাস্তবায়ন করা না যায়, তবে ২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশে নেমে আসতে পারে, যা পরবর্তী মধ্যমেয়াদে আরও সংকুচিত হয়ে ৩ শতাংশের নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই সংকট উত্তরণে আইএমএফ ব্যাংক খাতের সংস্কারে একটি সমন্বিত ও বিশ্বাসযোগ্য কৌশল গ্রহণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ভর্তুকি যৌক্তিক করার তাগিদ দিয়েছে। একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভের ক্ষয় রুখতে কঠোর মুদ্রানীতি ও সতর্ক রাজস্বনীতির পাশাপাশি ২০২৫ সালে চালু হওয়া ‘ক্রলিং পেগ’ বিনিময় হার পদ্ধতিকে আরও নমনীয় করার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে আলোচনা ইতিবাচক হয়েছে এবং আগামী মাসগুলোতে ঋণের আকার ও শর্ত নির্ধারণে চূড়ান্ত আলোচনা চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ