জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ জুলাই) : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের রক্তঝরা আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, তাদের অসামান্য অবদানকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন তিনি। একই সাথে আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী এবং অভ্যুত্থানে অংশ নেওয়া বীর দেশপ্রেমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন নয়; বরং এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, ফ্যাসিবাদী শাসন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। গত ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের বুক পেতে বীরত্বপূর্ণ আত্মাহুতি এবং দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের বলিদান এই আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপ দেয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, জুলাইয়ের শহিদরা প্রমাণ করে গেছেন যে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার মালিক জনগণ। তাদের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব। বর্তমান গণতান্ত্রিক সরকার শহিদ ও আহতদের যথাযথ সম্মান, পুনর্বাসন এবং প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এই মহৎ উদ্যোগে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সর্বশেষে রাষ্ট্রপতি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ