বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ জুলাই) : মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা নতুন মোড় নিয়েছে। বাহরাইনে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

আজ বৃহস্পতিবার ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে। হামলার সময় বেসামরিক এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্থানীয়ভাবে সতর্কতাসূচক সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।

এই সংঘাতের জেরে আকাশপথে প্রতিরক্ষার তৎপরতাও জোরদার করা হয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে, ইরানের আকাশেও ঘটেছে নাটকীয় ঘটনা। দেশটির তাসনিম নিউজ এজেন্সির দাবি, নিজস্ব প্রযুক্তির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশ থেকে একটি ‘শত্রু’ এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস করেছে আইআরজিসির মহাকাশ বাহিনী।

একই সময়ে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিস্ফোরক বোঝাই আটটি ড্রোন গুলি করে নামিয়েছে বলে জানিয়েছে কুর্দি বাহিনী। ড্রোনগুলো ধ্বংসের সময় স্থানীয় মার্কিন দূতাবাসের কাছাকাছি বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ