অনুপস্থিতদের পুনঃপরীক্ষা, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) : টানা বর্ষণ, বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ নিতে পারেনি, তাদের জন্য বিশেষ সুখবর দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এসব পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের শিকার কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ পুনর্বিবেচনা করা হয়েছে।

এ বছর দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও দুর্যোগের কারণে অনেকে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি।

শিক্ষামন্ত্রী জানান, অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নির্ধারিত দিনে, শিক্ষা মন্ত্রণালয়ের একই সময় ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় বসার সুযোগ পাবে। জীবন গড়ার গুরুত্বপূর্ণ এই ধাপে পরীক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতেই এ সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে নিয়োজিত যেসব কর্মকর্তা ও শিক্ষক এই ভুলের জন্য দায়ী, তাদের ইতিমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একই সাথে পরীক্ষার্থীদের উৎকণ্ঠা দূর করে তিনি আশ্বস্ত করেন, প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের কারণে পরীক্ষার্থীদের কোনো নম্বর কাটা যাবে না; বরং এই দুই প্রশ্নের জন্য বরাদ্দ থাকা পূর্ণ নম্বর সকল পরীক্ষার্থীকে দেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ