বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) : চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির ধকল কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও কৃষি পুনরুদ্ধারে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রামে অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সঙ্গে আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, একদিনে রেকর্ড ৪১২ মিলিমিটারের মতো অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের জনজীবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সংকটকালীন এই দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত ভূমিকার প্রশংসা করেন তিনি।
মন্ত্রী জানান, বন্যা-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সরকার অত্যন্ত তৎপর। বিশেষ করে আসন্ন মৌসুমে যেন খাদ্য সংকট তৈরি না হয়, সেজন্য কৃষি খাতকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য উঁচু স্থানে বীজতলা তৈরি, প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বন্যার পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রুখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে দুর্গত এলাকার মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সরকারের সব বিভাগ একযোগে কাজ করছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
চট্টগ্রামের অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
