শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) : সংসদে দুঃখ প্রকাশের পরও শান্ত হননি আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে আবারও রাজপথে নেমেছেন তারা।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষ হতেই কেন্দ্র থেকে বের হয়ে রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে উত্তাল স্লোগান দিতে দেখা যায় তাদের।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও, শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থেকে এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বিক্ষোভ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা রাজপথ ছাড়েননি। ফলে দুপুরের পর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ