ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ জুলাই) :  রাজধানী ঢাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত বর্জ্য ও নানা নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ঢাকাকে সুন্দর ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে কোনো দলীয় পরিচয় নয়, বরং সচেতন নাগরিক হিসেবে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

সেমিনারে নগরের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয়ের চরম ঘাটতির কথা উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি জানান, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর যোগাযোগের অভাবে অনেক সময় মেয়র বা প্রশাসকদের অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যার চূড়ান্ত ভুক্তভোগী হন সাধারণ নগরবাসী। বিশেষ করে বর্ষা মৌসুমে বাজেট ছাড়ের কারণে যেভাবে একের পর এক রাস্তা খোঁড়াখুঁড়ি চলে, তা জনদুর্ভোগকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই সংকট থেকে উত্তরণে এবং জলাবদ্ধতাসহ সব নাগরিক সেবার মান বাড়াতে একটি সমন্বিত ও সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ