রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ জুন) : তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ রোববার (৭ জুন) সকালে তিনি রাজধানী ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সফরে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
কূটনৈতিক মহল মনে করছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকা ও মস্কোর সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিন দিনের সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন দেশটি সফর করবেন বলে জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক ও সহযোগিতা রয়েছে।
সফর শেষে আগামী ৯ জুন ড. খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
