বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুন) : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এই গৌরবময় অর্জনকে তিনি বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এক ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সার্বিক সাফল্য কামনা করি।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, তার দিকনির্দেশনায় সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে।
তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আপনার দক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সব সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে যাবে।’
এই নির্বাচন শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের জন্য একটি বড় অর্জন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজ্জু।
তিনি আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ ও এই পুরো অঞ্চলের জন্য একটি গৌরবের মুহূর্ত।’
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক জমকালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এই জয় পায় বাংলাদেশ। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১৯০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১টি ভোট। ৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে বৈশ্বিক এই মর্যাদাপূর্ণ মঞ্চের শীর্ষ পদের দায়িত্ব পান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বহুপাক্ষিক বিশ্বমঞ্চে দেশের ক্রমবর্ধমান ভূমিকা ও অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন এটি।
আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের মধ্য দিয়ে ড. খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল এই বহুপাক্ষিক সংস্থার সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবেন।
মনোয়ারুল হক/
