সিলিন্ডার গ্যাসে স্বস্তি, ১২ কেজিতে কমলো ৫৫ টাকা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুন) : ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম আগের চেয়ে ৫৫ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে ১৯৪০ টাকার পরিবর্তে এই সিলিন্ডার কিনতে গ্রাহকদের খরচ হবে ১৮৮৫ টাকা।
আজ মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
টানা বৃদ্ধির পর এই হ্রাস: উল্লেখ্য, গত দুই দফায় এলপিজির দাম একলাফে অনেকটাই বেড়েছিল। গত ২ এপ্রিল সিলিন্ডারপ্রতি ৩৮৭ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয় ১৭২৭ টাকা। এর মাত্র ১৭ দিন পর, অর্থাৎ ১৯ এপ্রিল আবারও ২১২ টাকা বাড়িয়ে দাম ঠেকানো হয় ১৯৪০ টাকায়। মাত্র দুই দফায় ১২ কেজির সিলিন্ডারে মোট ৫৯৯ টাকা বাড়ার পর, এবার কিছুটা দাম কমালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
মনোয়ারুল হক/
