প্রবাসী কার্ডেই মিলবে সব সেবা, সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২ জুন) : বিএমইটি (BMET) কার্ডের দিন শেষ হতে চলেছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং সব ধরনের সেবা এক ছাতার নিচে আনতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই নতুন কার্ড চালু হলে আলাদা করে আর কোনো বিএমইটি কার্ডের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মন্ত্রী জানান, প্রবাসী কার্ডের মাধ্যমে কী কী সুনির্দিষ্ট সুবিধা দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে এই কার্ডের মূল লক্ষ্য প্রবাসীদের ব্যাংকিং গেটওয়ে সহজ করা, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া এবং ডিজিটাল পরিচয় নিশ্চিত করা। একই সঙ্গে কার্ডটির মাধ্যমে প্রবাসীদের ট্র্যাকিং করার সুবিধাও থাকবে।
প্রবাসী কার্ডধারীরা যেন দেশে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দিচ্ছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, এই কার্ড প্রদর্শন করলে ভূমি সংক্রান্ত সেবা এবং হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ অগ্রাধিকার বা প্রায়োরিটি পাবেন। এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।
এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটের অস্তিত্ব বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।
আগামী ১০-১৫ দিন থেকে এক মাসের মধ্যে (সামান্য সময় কম-বেশি হতে পারে) মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি পরিষ্কার ও ইতিবাচক প্রস্তাবনা সবার সামনে আসবে।
সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার গড়ে তোলাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি করতে না পারলে তিনি দায়িত্বে থাকবেন না বলেও জানান।
চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। তবে এই সফরে শ্রমবাজার সংক্রান্ত নতুন কোনো সমঝোতা স্মারক (MoU) সই হবে কিনা—জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মুহূর্তে তার কাছে এমন কোনো সুনির্দিষ্ট খবর নেই। তবে আগের একটি এমওইউ কার্যকর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মনোয়ারুল হক/
