কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার করে সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

নিজস্ব প্রতিনিধি : “কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে” এমন তথ্য উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের নামে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে, যা সঠিক নয় বলে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে। চট্টগ্রামের ডিআইজিও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩১ মে) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির (প্রশাসন) নামে ভুয়া স্বাক্ষরের এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা ছড়িয়ে দিয়েছিলো। সোমবার ছড়িয়ে দেয়া ঐ চিঠিকে ভুয়া বলে অভিহিত করে পুলিশ হেডকোয়ার্টার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া ঐ চিঠিতে বলা হয়, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত মিছিল এবং প্রশাসনিক কারণে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে জনস্বার্থে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হইল। তাকে ডিএমপিতে রিপোর্ট করার জন্য নির্দেশ প্রদান করা হইল।’

চিঠিটির বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘এ ধরনের চিঠিতে প্রত্যাহারের আদেশদানকারী সিনিয়র কর্মকর্তার নাম থাকে এবং চিঠির অনুলিপি বিধি মোতাবেক সিনিয়র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরকে অবহিত করা হয়। বিভিন্নভাবে নিশ্চিত হওয়া গেছে, ছড়িয়ে দেয়া চিঠিটি শতভাগ ভুয়া।

ওই কর্মকর্তাদের দাবি, ‘কুমিল্লায় অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ সম্প্রতি স্বচ্ছভাবে পুলিশ কনস্টেবল নিয়োগে পুলিশ সুপারের কাজে কেউ হয়তো খুশি হতে না পেরে এমন অপপ্রচার চালাচ্ছেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তারা আরও জানান, ‘পুলিশের নতুন পোশাকের মান ও পুলিশ সদস‍্যদের ৯৬ শতাংশ সংক্ষুব্ধ -এই বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার বিবৃতি দেন। এ প্রেক্ষাপটে সরকার পুলিশের নতুন পোশাক পরিবর্তন করে আগের পোশাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন পোশাকে যারা লাভবান হয়েছিল, তারা অনেক টাকার অংকের ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনও সুবিধাভোগী মহল মিথ‍্যাচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এই মিথ‍্যা কাজে অংশগ্রহণ করে থাকে।’

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘অনেকেই এই বিজ্ঞপ্তির বিষয়ে আমাকে অবহিত করেছেন। এমন চিঠি পুলিশ সদর দপ্তরের নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হয়তো একটি চক্রের এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ