৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ এপ্রিল) : মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ করা হয়েছে। দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্রে স্বাধীনতার বীরদের স্মৃতি চিরস্থায়ীভাবে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংশ্লিষ্ট মহলের পরামর্শে গৃহীত এ সিদ্ধান্তের ফলে সংসদ ভবনের গ্যালারিগুলোর আগের ফুল ও নদীর নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সংসদ ভবনের ভেতরে স্থাপিত নতুন নামফলকে এখন স্থান পেয়েছে বীরশ্রেষ্ঠদের নাম।

নতুন নামকরণ অনুযায়ী, ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে করা হয়েছে। গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে। অন্যদিকে গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সংসদে আসা দর্শনার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আগ্রহ ও শ্রদ্ধাবোধ আরও বাড়াবে। একই সঙ্গে এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে জাতীয় সংসদের গ্যালারিগুলোর এ নামকরণ মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং বীরত্বগাথাকে আরও দৃশ্যমান করে তুলবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ