জ্বালানিসংকট মোকাবিলায় ‘যৌথ কমিটি’ গঠন করুন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ এপ্রিল) : দেশের চলমান জ্বালানিসংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সমন্বিত উদ্যোগ ছাড়া এ-সংকটের কার্যকর সমাধান সম্ভব নয়।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানিসংকট নিরসনে জরুরি আলোচনার প্রস্তাব উত্থাপন করে তিনি এ আহ্বান জানান।

ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি দাবি করেন, জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হিট স্ট্রোকে তিন কৃষকের মৃত্যু হয়েছে। মানুষকে ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষা করতে হচ্ছে। ফলে তাদের আয় মারাত্মকভাবে কমে গেছে।

তিনি বলেন, ‘যারা আগে দিনে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় করতেন, এখন তারা ৫০০-৭০০ টাকাও পাচ্ছেন না। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।’

সরকারি বক্তব্যে আংশিক বাস্তবতা স্বীকার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা জরুরি। তিনি দোষারোপের রাজনীতি পরিহার করে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন।’

ডা. শফিকুর রহমান জ্বালানি খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করলে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।’

একই সঙ্গে তিনি কালোবাজারি ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অসাধু যেই হোক, তাকে ছাড় দেওয়া উচিত নয়।’ বক্তব্যের শেষে তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ