কৃষিতে নতুন দিগন্ত, বগুড়ায় কৃষক কার্ড উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি ও জেলা প্রতিনিধি (বগুড়া), এবিসিনিউজবিডি, (১৪ এপ্রিল) : কৃষিতে নতুন দিগন্তের সূচনালগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা বগুড়ায় কৃষক কার্ডের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার বেলা ১২টায় বগুড়ার শিবগঞ্জের উথুলী উচ্চ বিদ্যালয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
এর আগে সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০ জেলার ১১ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। আজ থেকে শুরু হওয়া এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশের সব জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক পর্যায়ক্রমে পাবেন এই কৃষক কার্ড। কর্ডের মাধ্যমে সরাসরি ২৫০০ টাকা হারে (বার্ষিক) নগদ সুবিধা পাবেন প্রতি কৃষক।
কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এহছানুল হক মিলন বলেন, ‘কৃষক কার্ড’ চালুর মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বর্তমান সরকার। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে, যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন। কার্ড পাওয়া কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ন্যায্যমূল্যে সেচ–সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মুঠোফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারের তথ্য, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনের পরামর্শ, কৃষি বিমা–সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবেন। এ ছাড়া কার্ডের মাধ্যমে কৃষকেরা সংশ্লিষ্ট ডিলারের কাছে সরবরাহ করা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য বা প্রাণিখাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন।
মনোয়ারুল হক/
