ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে আসছে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ এপ্রিল) : জাতীয় কাউন্সিল সামনে রেখে ও সাংগঠনিক শক্তি বাড়াতে ঢেলে সাজানো হচ্ছে ঢাকা মহানগর বিএনপি। দুই ভাগে বিভক্ত দলের গুরুত্বপূর্ণ এই ইউনিটের নেতৃত্বে আসছে পরিবর্তন। মহানগর উত্তর ও দক্ষিণ কমিটিতে বেছে নেওয়া হচ্ছে অপেক্ষাকৃত তরুণ ও গ্রহণযোগ্য নেতাদের। ইতোমধ্যে নেতৃত্ব বাছাই ও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে আহ্বায়ক কমিটি দেওয়া হবে। এই কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করতে বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট সময়সীমা। দলীয় সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই এই কমিটি ঘোষণা করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ও দল পৃথকভাবে পরিচালনা করার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে বিএনপি। কারণ সরকার ও দলের পৃথক অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। দলের গুরুত্বপূর্ণ পদে এমপি-মন্ত্রীরা যদি আঁকড়ে থাকেন, তাহলে দল ও সরকার উভয়ের কাজে ব্যাহত হয়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ জন্য তিনি সংগঠনের কাজে সময় দিতে পারছেন না। এ ছাড়া সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরও সংসদ সদস্য। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ফেনী-১ আসনের সংসদ সদস্য। তিনিও আগের মতো সংগঠনে সময় দিতে পারছেন না।
বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপকালে জানা গেছে, দীর্ঘ প্রায় ১০ বছর পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে হাইকমান্ড। আগামী বছরে সুবিধামতো সময়ে জাতীয় কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে। এর আগে অঙ্গ ও সহযোগী সংগঠন, মহানগর ও জেলা কমিটিও পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সুগঠিত করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দল ও সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে নতুন উদ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হবে বিএনপি।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে এখনো কোনো আলোচনা শুনিনি। দলের চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো জানায়, সংগঠন পুনর্গঠনের কাজ ঢাকা মহানগর বিএনপির কমিটি থেকে শুরু হতে পারে। ঢাকা মহানগর কমিটির বর্তমান শীর্ষ নেতাদের কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় করা হবে। পাশাপাশি যুবদল, স্বেচ্ছোসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্য মহানগর ও জেলা কমিটিও গঠন করা হবে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি পদে দলের চেয়ারম্যান তারেক রহমানের পছন্দ বর্তমান সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে। তিনি ঢাকা-৪ আসনে থেকে নির্বাচন করেও অল্প ভোটে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান। এ ছাড়া আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখ সারিতে থেকে অবদান রেখেছেন। সেই সময়ে তার বিরুদ্ধে ১০৭টি মামলা দিয়েছিল এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চার দফায় কয়েক মাস কারাগারে ছিলেন তিনি। সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, ‘সংগঠনের কমিটি গঠন বা পুনর্গঠন একটা চলমান প্রক্রিয়া। দলের চেয়ারম্যানের যেকোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন।’
যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন বলেন, ‘দলের চেয়ারম্যান সংগঠনের অভিভাবক। তিনি যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দেবেন। তবে সংগঠনে কর্মীবান্ধব নেতা যুক্ত হলে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। দলের দুর্দিনে যারা অবদান রেখেছেন তাদের মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি।’
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সভাপতি পদে দলের চেয়ারম্যানের পছন্দ বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে। তিনি যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১৫ আসনে দলীয় মনোনয়ন পেলেও জোটের কারণে তা প্রত্যাহার করে নেন মামুন হাসান। এবারও ঢাকা-১৫ আসনের মনোনয়ন চেয়েও দলীয় মনোনয়নবঞ্চিত হন তিনি। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সদস্যসচিব মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন ও সাবেক কমিশনার আনারুজ্জামান আনোয়ার।
যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মামুন হাসান বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন তার আলোকে কাজ করব। আগামী দিনেও দলের সিদ্ধান্তের সঙ্গে আছি।’
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে দলীয় হাইকমান্ড বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে পারে। ২০২৪ সালের ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই বছরের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মনোয়ারুল হক/
