গদি কখনোই চিরস্থায়ী নয়

মৌলভীবাজার প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৪ অক্টোবর): ক্ষমতার গদি চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সরকারের ভুল সিদ্ধান্তের দায় বিরোধী দল নেবে না স্পষ্ট করে ডা. শফিকুর রহমান জানান, তারা সংসদে সম্পূর্ণ দায়িত্বশীল ও বিবেকবোধ সম্পন্ন বিরোধী দলের ভূমিকা পালন করতে ইচ্ছুক।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের ইতিবাচক বা ভালো পদক্ষেপে তারা সহযোগিতা করবেন, তবে যেকোনো ধরনের অনিয়ম কিংবা ভুলত্রুটির সমালোচনা করতে দ্বিধা করবেন না। অতীতে সরকারি দলকে অন্ধভাবে সমর্থন কিংবা সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির যে চর্চা চালু ছিল, তা বাদ দিয়ে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক ধারা গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘পুলিশ বাহিনীর ভেতর প্রচুর দেশপ্রেমিক ও দায়িত্বশীল কর্মকর্তা কর্মরত আছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও বেশি নজর দেওয়া দরকার। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে এবং মাদক নির্মূলের কার্যক্রমে কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হচ্ছে না।’

বিরোধীদলীয় এই নেতা আরও যোগ করেন, ‘প্রতিবেশী দেশ ভারত থেকে যদি দেশে নিষিদ্ধ অর্থ এবং প্রাণঘাতী অস্ত্রশস্ত্রের চোরাচালান অব্যাহত থাকে, তবে সরকার পরিচালনার সার্থকতা কোথায়? সীমান্ত দিয়ে এই ধরনের অবৈধ অর্থ ও অস্ত্র আসা মানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যয়ের মুখে পড়া।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বহু মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কাঙ্ক্ষিত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় না। আদর্শের প্রশ্নে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। কেউ ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু অপরাধ প্রমাণিত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।’

নিজের দলের একজন সংসদ সদস্যকে অব্যাহতির কথা তুলে ধরে তিনি জানান, ওই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে তারা এক দিন বা ২৪ ঘণ্টার সময়ও ব্যয় করেননি। বর্তমানে তার সঙ্গে দলের ন্যূনতম কোনো সম্পর্কও নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ