সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ অক্টোবর): জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তদের পক্ষ থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টার শপিং মলের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত ওই মুহূর্তে গাড়ির ভেতরে সংগীতশিল্পী আসিফ আকবর উপস্থিত ছিলেন না।
গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে আসিফ আকবর জানান, শনিবার ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে তার গাড়িটি পার্ক করা অবস্থায় তাতে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি ওই শপিং মলের ওপরের তলায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন এবং নিচে নেমে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন যে, তাৎক্ষণিকভাবে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত দল প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সকালে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিক পর্যায়ে এই হামলার নেপথ্যর কারণ কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত খতিয়ে দেখছে।
মনোয়ারুল হক/
