হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ সেপ্টেম্বর): হংকংয়ের সঙ্গে দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে তৈরি পোশাক খাতের ওপর একচেটিয়া নির্ভরতা কাটানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী এবং তাজা ও উচ্চমূল্যের ফল রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) সামিটের ফাঁকে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের (এইচকেটিডিসি) নির্বাহী পরিচালক সোফিয়া চংয়ের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও হংকংয়ের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪১৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ আমদানি করে ৩০৭ মিলিয়ন ডলারের পণ্য এবং রপ্তানি করে ১০৮ মিলিয়ন ডলারের পণ্য। পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) রপ্তানি সামান্য বেড়ে ১০৯.৫১ মিলিয়ন ডলারে উন্নীত হয়।

বাণিজ্য ঘাটতি দূর করতে হংকংয়ের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ ও সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। এজন্য আম, কাঁঠাল ও লেবুর মতো প্রিমিয়াম মানের ফল হংকংয়ের বড় সুপারমার্কেট ও আমদানিকারকদের কাছে পরিচিত করতে বিটুবি (বিজনেস টু বিজনেস) ম্যাচমেকিং আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

পাশাপাশি পরিবেশবান্ধব পাটপণ্যের বাজার সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে স্টল বরাদ্দ এবং ইলেকট্রনিক সার্টিফিকেট অব অরিজিন চালুর ওপর জোর দেওয়া হয়। এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় হংকংয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরেও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

বাণিজ্যমন্ত্রীর এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সংযোগ বাড়ানোর ওপর জোর দেন এইচকেটিডিসি নির্বাহী পরিচালক সোফিয়া চং। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়াজাত পণ্য এবং আইসিটি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈঠক শেষে এইচকেটিডিসির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বাণিজ্যমন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ