ইরান যুদ্ধ শেষ হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১০ সেপ্টেম্বর): মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ইরান সংঘাতের চূড়ান্ত সমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের মুখে তেহরান সরকার দীর্ঘ সময় এই পরিস্থিতি সামাল দিতে পারবে না বলে তিনি দৃঢ় মত ব্যক্ত করেন।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনে দুর্বল নেতৃত্ব ফিরিয়ে এনে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুর সুযোগ পেতে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইরান।

চলমান এই দ্বন্দ্বে মার্কিন সামরিক বাহিনীর সফলতার কথা তুলে ধরে ট্রাম্প জানান, সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে এবং ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে কূটনৈতিক আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি উল্লেখ করে তিনি জানান, সাধারণ পারমাণবিক সমঝোতার চেয়ে অনেক বড় কোনো লক্ষ্য অর্জনে কাজ করছে বর্তমান প্রশাসন।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাব মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ে পড়ায় ট্রাম্পের জনপ্রিয়তার সূচকে পতন দেখা গেছে। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান ঘটবে এবং তেলের দামও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সূত্র: আল জাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ