ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ সেপ্টেম্বর): ব্যাংক ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান বা কোম্পানিকে যোগ্য জামানত মূল্যায়নকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানীর তালিকাভুক্তিকরণ নীতিমালা’র আওতায় সোমবার (৭ সেপ্টেম্বর) এক সার্কুলারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় ৯৮টি প্রতিষ্ঠানকে ‘ক’ গ্রুপে এবং বাকি ৩৩টি প্রতিষ্ঠানকে ‘খ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর তালিকা ‘সংযোজনী-ক’ ও ‘সংযোজনী-খ’-এ সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে ঋণগ্রহীতাদের নেওয়া বা নেওয়ার প্রক্রিয়াধীন ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন সংশ্লিষ্ট নীতিমালায় উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করতে তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, এই তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
তবে সার্কুলারে দেওয়া শর্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণে ব্যর্থ হলে অথবা অন্য কোনো যৌক্তিক কারণে বাংলাদেশ ব্যাংক তিন বছর পূর্ণ হওয়ার আগেই যেকোনো সময় কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
মনোয়ারুল হক/
