সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ সেপ্টেম্বর): দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সমবায় ব্যাংককে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমবায়ের প্রধান উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন করা নয়। বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও মুক্তি নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তবে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি একটি ব্যাংকের স্থায়িত্ব বজায় রাখতে আর্থিক শৃঙ্খলা এবং প্রচলিত নিয়মনীতি অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ঋণ গ্রহণের পর তা পরিশোধ না করার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাস্তব ও যৌক্তিক কোনো কারণে কেউ ঋণ পরিশোধে সমস্যায় পড়লে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে। তবে ঋণের অর্থ অন্য খাতে ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়ার সুযোগ দেওয়া হবে না।

সমবায় ব্যাংকের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ যৌক্তিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও জনমুখী করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সেলিম ফকির।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ