যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৭ সেপ্টেম্বর): যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত ও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

মিয়ামি বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে অবতরণ করার মুহূর্তে বোয়িং নির্মিত উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশে থাকা কয়েকটি যানবাহনকে সজোরে আঘাত করে এবং এতে মুহূর্তেই আগুন ধরে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দলের ৬০টি ইউনিটের প্রায় ৬০০ কর্মী তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন। প্রায় ৩২ বছরের পুরোনো এই উড়োজাহাজটি ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোর সান জুয়ান শহর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

দুর্ঘটনার পর পরই বিমানবন্দরের মূল ৪টি রানওয়েতে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সন্ধ্যার দিকে দু’টি রানওয়ে পুনরায় চালু করা হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ফায়ার বিভাগের প্রধান রায়ে জাদাল্লাহ জানান, উদ্ধারকাজের সময় উড়োজাহাজটির জ্বালানি ট্যাংকে ছিদ্র লক্ষ্য করা গেছে। তবে এই যান্ত্রিক ত্রুটির কারণেই মূল দুর্ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে মার্কিন সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) চেয়ারপারসন জেনিফার হোমেন্ডির নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানের মুখপাত্র কেলি ন্যান্টেল জানান, তারা ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের পাশে রয়েছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ উন্মোচনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ