আগামী এক বছরে ২০ লাখ মামলা কমানোর আশাবাদ আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ জুলাই) : আদালতে ঝুলে থাকা মামলার দীর্ঘসূত্রতা কমাতে ও সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ (এডিআর) কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
তিনি জানান, বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা (প্রি-ফাইলিং মেডিয়েশন) সফলভাবে প্রয়োগ করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সাড়ে ৪৫ লাখ বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব।
আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান আইন, ২০২৬-এর ধারা ২১ অনুযায়ী অত্যাবশ্যক বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নড়াইল, যশোর, ফরিদপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল—এই ১০ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তারা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় বিচারকের সংখ্যা কম হওয়ায় মামলা জট দিন দিন বাড়ছে। এ থেকে উত্তরণে প্রচলিত বিচার পদ্ধতির পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পরিচালিত পাইলট কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি জানান, বাধ্যতামূলক মধ্যস্থতার ফলে যৌতুক নিরোধ আইন, পারিবারিক বিরোধ, বাড়িভাড়া ও বণ্টনসংক্রান্ত মামলাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে মামলা দায়েরের হার গড়ে ৬২.২ শতাংশ কমে এসেছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বিচারকদের আপসযোগ্য মামলাগুলো শুরুর দিকেই জেলা লিগ্যাল এইড অফিসে পাঠানোর নির্দেশ দেন। বিশেষ করে কক্সবাজারের কথা উল্লেখ করে তিনি আগামী সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখানোর আহ্বান জানান। পাশাপাশি, সরকারি খরচে আইনি সহায়তার এই সুবিধার বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার অনুরোধ জানান মন্ত্রী।
অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এই পদক্ষেপকে বিচারব্যবস্থার এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি মামলা পরিচালনা ও অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা পাবে।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিচার বিভাগের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
