৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ), এবিসিনিউজবিডি, (১৭ জুলাই) : গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে দরিদ্র ও প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে প্রতি মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধনকালে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গ্রামীণ জনপদে বিভিন্ন উন্নয়নমূলক সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, গ্রামীণ ও প্রান্তিক পরিবারের সিংহভাগেরই মাসিক বিদ্যুৎ ব্যবহার ৭৫ ইউনিটের বেশি নয়, তাই তাদের বাড়তি ব্যয়ের বোঝা থেকে মুক্ত রাখতেই এ সিদ্ধান্ত।

অনুষ্ঠানে জ্বালানি খাতের টেকসই উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এই পরিবেশবান্ধব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে কোনো জ্বালানি খরচ না থাকায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং আমদানির ওপর নির্ভরতা অনেক কমবে। পাশাপাশি বর্তমান সরকার একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার হলে অসদুপায় বা নকল প্রতিরোধ করার উদ্যোগকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ