নারী শ্রমিকের কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বারোপ, আইওএম মিশন প্রধানের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ জুলাই) : বাংলাদেশ থেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ উপায়ে নারী শ্রমিকদের বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম)-এর বাংলাদেশ মিশন প্রধান লরা টম বন্ডের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের এ বৈঠক সম্পন্ন হয়।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী পাঠানোর নতুন সুযোগ তৈরি এবং মধ্যপ্রাচ্যসহ উদীয়মান আন্তর্জাতিক শ্রমবাজারগুলো সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণে জোর দেন মাহ্দী আমিন। একই সঙ্গে বিদেশগামী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে তাদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কম খরচে, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক উপায়ে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে উন্নত প্রযুক্তিনির্ভর সেবা চালুর বিষয়ে দুই পক্ষ ঐকমত্য প্রকাশ করে। আইওএম প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের এসব সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে এবং অভিবাসন ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
এছাড়াও, বৈশ্বিক অভিবাসন চুক্তি (গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন) বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের আসন্ন ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মনোয়ারুল হক/
