নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ জুলাই) : বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে বর্তমান নৌপ্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা রয়্যাল মালয়েশিয়ান নেভি থেকে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন এবং মেধা তালিকায় ব্যাচের শীর্ষ স্থান অধিকার করেন। শিক্ষাজীবনে অত্যন্ত কৃতী রিয়ার এডমিরাল আজীম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান পেয়ে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন। পরবর্তীতে বিইউপি থেকে পিএইচডি ও এমফিল করার পাশাপাশি দেশ-বিদেশ থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ডিএসসিএসসি এবং এনডিসি-র এএফডব্লিউসি কোর্সের একজন সফল গ্র্যাজুয়েট।
দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নৌ সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশন্স) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ বেশ কিছু জাহাজ ও ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। সামরিক প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞ এই কর্মকর্তা লেবানন ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন এবং সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলভাবে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ-পারদর্শিতা পদক’ (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার, এবং রৌপ্য ইলিশ পদকসহ বহু সম্মাননা ও নৌপ্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেছেন। মননশীল পাঠক, লেখক ও গবেষক হিসেবে পরিচিত এই কর্মকর্তা সামরিক ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের জনক রিয়ার এডমিরাল আজীম গলফ, দাবা, বাস্কেটবল ও টেবিল টেনিস খেলতে ভালোবাসেন এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি মালে ও ফরাসি ভাষায় দক্ষ।
মনোয়ারুল হক/
