মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডে টেনিসের জয়জয়কার
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ এপ্রিল) : লাল গালিচায় যেন রাজত্ব করল টেনিস। সোমবার (২০ এপ্রিল) রাতে মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা নারী ও পুরুষ ক্রীড়াবিদ হিসেবে মুকুট জিতেছেন আরিনা সাবালেঙ্কা এবং কার্লোস আলকারাজ।
২০২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন তারা। বছরজুড়ে নারী ও পুরুষ টেনিস র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন সাবালেঙ্কা ও আলকারাজ। ২২ বছর বয়সি স্প্যানিয়ার্ড আলকারাজ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে বছর শেষে আবারও বিশ্ব এক নম্বর স্থান দখল করেন, যা সব ধরনের কোর্টে তার আধিপত্যকে তুলে ধরে।
অন্যদিকে ২৭ বছর বয়সি সাবালেঙ্কা নিউইয়র্কে শিরোপা জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ফ্রান্সেও ফাইনালে ওঠেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রমাণ।
২০২৬ লরিয়াস অ্যাওয়ার্ডসের পূর্ণ তালিকা
- বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: কার্লোস আলকারাজ
- বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: আরিনা সাবালেঙ্কা
- বর্ষসেরা দল: পিএসজি
- বর্ষসেরা ব্রেকথ্রু: ল্যান্ডো নরিস
- বর্ষসেরা কামব্যাক: ররি ম্যাকিলরয়
- প্রতিবন্ধী বর্ষসেরা ক্রীড়াবিদ: গ্যাব্রিয়ে আরাউহো
- অ্যাকশন স্পোর্টস বর্ষসেরা: কোলেন কিম
- বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ: লামিনে ইয়ামাল
- স্পোর্টিং ইনস্পিরেশন: টনি ক্রুস
- লাইফটাইম অ্যাচিভমেন্ট: নাদিয়া কোমানেসি
- স্পোর্ট ফর গুড: ফুটবল মাস
এই সাফল্যে সাবালেঙ্কা যুক্ত হলেন টেনিস কিংবদন্তিদের এক তালিকায়, যেখানে আগে এই পুরস্কার জিতেছেন সেরেনা উইলিয়ামস, জেনিফার ক্যাপ্রিয়াটি, জাস্টিন হেনিন ও নাওমি ওসাকা।
এবারের আয়োজনটি ছিল বিশেষ। প্রথমবারের মতো দুই সাবেক বিজয়ী ক্রীড়াবিদ নোভাক জোকোভিচ ও এইলেন যৌথভাবে সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। গত বছর এই সম্মান জিতেছিলেন সিমোন বাইলস ও মুন্ডো ডুলপ্লাটিস।
এদিকে ১১ বছরের অপেক্ষা শেষ করে ২০২৫ সালের ‘দ্য মাস্টার্স টুর্নামেন্ট’ জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করায় বর্ষসেরা কামব্যাকের পুরস্কার জিতেছেন ম্যাকিলরয়, যা তিনি ২০২৬ সালেও ধরে রাখেন। ফর্মুলা ওয়ানের তারকা ল্যান্ডো নরিস হয়েছেন বর্ষসেরা ব্রেকথ্রু। আর ২০২৫ সালে লিগ, কাপ ও প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বর্ষসেরা দল হয়েছে পিএসজি।
লরিয়াস অ্যাওয়ার্ডে মনোনয়ন নির্ধারণ করে বিশ্বব্যাপী গণমাধ্যমগুলো। বিজয়ী নির্বাচন করেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৬৯ জন সদস্য। ২০০০ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মনোয়ারুল হক/
