ক্যানসারে আক্রান্ত মাতিয়া বানু শুকু, চাইলেন সরকারের সহযোগিতা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ এপ্রিল) : ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা, গুণী নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে তার পরিবার। এ অবস্থায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সরকারের সহযোগিতাও কামনা করেছে তার পরিবার।

মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘আমার স্ত্রী মাতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত। তিনি শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। আমরা নাটকের মানুষ। যারা নাটক ও চলচ্চিত্রে কাজ করি, আমাদের আলাদা কোনো সুযোগ-সুবিধা বা পেনশন নেই।

কাজটাই আমাদের ভরসা। হঠাৎ আমাদের মধ্যে কেউ ক্যানসারে আক্রান্ত হলে পরিবারের জন্য সেটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা নানা চেষ্টা করছি তার পাশে থাকতে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে।’
আতিক জানান, প্রায় আট মাস আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল আবারও চিকিৎসকের পরামর্শ নিতে সেখানে যেতে হবে। বর্তমানে সে প্রস্তুতিই চলছে।

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমরা দুজনই নাটক ও সিনেমা পরিচালনার কাজের সঙ্গে যুক্ত। এটিই আমাদের আয়ের একমাত্র উৎস। গত বছর ক্যানসার ধরা পড়ার পর থেকে আমরা কেউই নিয়মিত কাজে থাকতে পারিনি।

এদিকে চেন্নাইয়ে চিকিৎসা ব্যয় অনেক বেশি। আবার দীর্ঘ সময় ধরে এ চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাই আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মাতিয়া বানু শুকু নাটক ও চলচ্চিত্রে কাজ করে আসছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ