ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম : শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ খাতের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিমন্ত্রী উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে শিক্ষার ভিশন (রূপকল্প) হিসেবে দক্ষতা বৃদ্ধিকে নির্ধারণ করেছেন, যেটির সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন সামঞ্জস্যপূর্ণ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভিশন হলো— শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতকরণ ও সবার জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিকরণ।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তিনি মাঠপর্যায়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ