হঠাৎ এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি ঘুরে দেখেছেন বিভিন্ন কেন্দ্র। তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৬ কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৫৩ জন।
মনোয়ারুল হক/
