কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (১৮ এপ্রিল) : কৃষির অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন।
শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ দিন সদর উপজেলার ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।
আমিন উর রশিদ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশই কৃষিকাজের সঙ্গে জড়িত। এত বৃহৎ জনগোষ্ঠীকে পেছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। তাই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে কৃষকদের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হচ্ছে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক তার সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, এই সরকার জনবান্ধব সরকার। ভোটের দাগ মুছে যাওয়ার আগেই সরকার তার প্রতিশ্রুতি রক্ষা শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশের কৃষকরা অনেক সময় জমিতে অধিক পরিমাণ সার প্রয়োগ করেন। ফলে কৃষিজমির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। একসময় ফসল উৎপাদনও কমে যায়। তাই এই ধরনের ভুল যেন না হয়, সেই জন্য প্রান্তিক কৃষকদের যে কোনো কৃষিকাজে ব্লক সুপারভাইজারদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা বলেন, কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে পিছিয়ে পড়া কৃষকরা অনেক উপকৃত হবেন। একই সঙ্গে কৃষিকাজের প্রতি আগ্রহ আরও বাড়বে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া প্রমুখ।
মনোয়ারুল হক/
