বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে পৌঁছাতে ব্যর্থ হলে ভিসিকে বিদায়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (দিনাজপুর), এবিসিনিউজবিডি, (১৮ এপ্রিল) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসক। তার নেতৃত্বে যদি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের গ্রেটিংয়ে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি ওই পদে থাকতে পারবেন না।’ গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষক নিয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে তা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও যাচাই করা হবে পুরো প্রক্রিয়া।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তাই মেধাবীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো প্রকার তদবির বা অনিয়মের মাধ্যমে নিয়োগ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম কঠোর নজরদারিতে আনতে মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রিপোর্ট তিনি নিজেই পর্যবেক্ষণ করছেন। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিশ্লেষণ করে পৃথক মূল্যায়ন করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি বাড়াতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। তার ভাষায়, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম নিশ্চিত করতে আধুনিক নজরদারি জরুরি।’

তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষা খাতে উন্নয়ন সম্পূর্ণভাবে ফলাফলের ওপর নির্ভর করবে। ভালো ফল অর্জন করতে পারলেই বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রম বাড়বে। শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিই এখন প্রধান লক্ষ্য।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের অভিভাবকরা। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এনামুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

একই দিনে বেলা সাড়ে ৩টায় দিনাজপুর শিক্ষা বোর্ড আয়োজিত শিল্পকলা একাডেমিতে আসন্ন এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ