ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন ড. আবদুল হাছিব

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ ফেব্রুয়ারি) : রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়োগের প্রজ্ঞাপনটি আজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, ভিসি হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর। তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

মো. আবদুল হাছিব বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্ব পালন করে আসছিলেন। এর পর তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম ভিসি হলেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ