ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।
তার মৃত্যুতে রাষ্ট্রের বিভিন্ন স্তরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সাহসী ও দৃঢ় কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি তরুণ সমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রদান করেছে।
শরীফ ওসমান হাদির মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লাল-সবুজে মোড়ানো কফিনে দেশে ফেরেন ওসমান হাদি। ওসমান হাদির কফিন শাহজালাল বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে হাদির মরদেহ।
এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাদির জানাজা শনিবার বেলা আড়াইটায়
বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনও প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
একইসঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
মনোয়ারুল হক/
