পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ সেপ্টেম্বর): আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ পুলিশের প্রতি কোনো ধরনের বেআইনি বা অযৌক্তিক নির্দেশনা দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের সর্বোচ্চ অঙ্গীকার হলো একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, তেমনই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশেরও আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ভোট সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি কোনো অংশেই অবনতিশীল নয় এবং পুলিশের কার্যক্রমের ওপর কমিশনের পূর্ণ আস্থা রয়েছে।
দলীয় সরকারের অধীনে পুলিশ চাপমুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির জানান, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি সন্তুষ্টি প্রকাশ করে দাবি করেন, এই সময়ের মধ্যে পুলিশের কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
মনোয়ারুল হক/
