ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে চলতি মাসের শেষ থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ সেপ্টেম্বর): দেশে চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহ এবং আগামী অক্টোবরের প্রথম দিকে ডেঙ্গুর সংক্রমণ তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী একটি ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই কার্যক্রমে সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে যুক্ত করার ওপর জোর দেওয়া হয়। নিজ নিজ ঘরবাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে ঢাকাসহ সারা দেশে সমন্বিতভাবে লার্ভা ধ্বংসের কাজ পরিচালনা করবে স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য দুটি—রোগীর সংখ্যা কমানো এবং মৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনা। এরই অংশ হিসেবে দেশের প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ম্যানেজমেন্টের ওপর বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়েও চলমান রয়েছে।
সংকটের সম্ভাব্য সময়ে হাসপাতালে শয্যা, স্যালাইন ও পরীক্ষার কিটের পর্যাপ্ততা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ডা. এম এ মুহিত। বর্তমান চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত কিট ও স্যালাইন মজুত রাখা হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নারসহ নির্ধারিত শয্যা প্রস্তুত করা হয়েছে। রোগীর চাপ অতিরিক্ত বাড়লে হাসপাতালের অন্যান্য শয্যাও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, সংকটময় এই সময়ে কোনো ধরনের অতিরিক্ত চিকিৎসা ব্যয় না বাড়িয়ে সেবামূলক মানসিকতা নিয়ে বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
মনোয়ারুল হক/
