সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ জুলাই) : সেমিকন্ডাক্টর ও ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে সামিট এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিনি সেখানে পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সামিটের উদ্বোধন করেন।

এতে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সম্ভাবনা কাজে লাগানো, দক্ষ মানবসম্পদ তৈরি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে এ আয়োজন শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, বিনিয়োগকারী ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

সামিটের দুই দিনে প্রযুক্তি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ১১টি প্লেনারি সেশন ও সাতটি কৌশলগত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজিত প্রযুক্তি প্রদর্শনীতে অত্যাধুনিক বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
সামিটে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো ও ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ বিশিষ্ট বিশেষজ্ঞদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সামিটের সঙ্গে ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’ও অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত ৩৫টি স্টলে সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি ও অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকদের আশা, এ সামিট দেশের তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সেমিকন্ডাক্টর ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ