গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ জুলাই) : একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তি দেওয়া, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই এখন সরকারের মূল অগ্রাধিকার।
আজ ঢাকার একটি হোটেলে ‘ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা)’ আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ঐতিহাসিক রূপান্তরের কথা উল্লেখ করে তিনি জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণোৎসর্গকারী ছাত্র-জনতার ত্যাগেই দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, আন্তর্জাতিক সংকট—যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পাশাপাশি বিগত সময়ের সীমাহীন দুর্নীতি, অর্থপাচার ও আর্থিক খাতের অনিয়ম বর্তমান অর্থনীতিকে মারাত্মক চাপে ফেলেছে। তবে জনগণের ঐক্য ও সাহসিকতার ওপর ভর করে বাংলাদেশ খুব দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার ইতোমধ্যেই বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংক খাতের সংস্কার এবং গ্রামীণ অর্থনীতিকে সক্রিয় করার সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সাথে কৃষি, শিল্প ও উদ্ভাবনী খাতের বিকাশে সাম্প্রতিক বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, গণতন্ত্রকে টেকসই রূপ দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ চলছে।
দেশি-বিদেশি গবেষক, কূটনীতিক ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে তিনি আশা প্রকাশ করেন যে, সবার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
মনোয়ারুল হক/
