বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ জুলাই) : জাতীয় বাজেট সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেলেও এর আসল সফলতা নির্ভর করছে সঠিক বাস্তবায়নের ওপর—এমনটাই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থমন্ত্রী সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাজেটের মূল লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আমলাতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা বদলে দেওয়ার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রথাগত ভাবনার বাইরে এসে উদ্ভাবনী কর্মপদ্ধতি গ্রহণ করতে হবে। তিনি দাপ্তরিক পরিবেশকে পরিবারের মতো সৌহার্দ্যপূর্ণ করার পাশাপাশি মুক্ত আলোচনা ও সমস্যা সমাধানের ওপর জোর দেন। একইসঙ্গে দেশের অর্থনৈতিক মূল কেন্দ্র হিসেবে অর্থ বিভাগকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার পরামর্শ দেন।
পরবর্তীতে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। সেখানে পরিবেশ রক্ষা করেই উপকূলীয় নির্মাণ সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে হোটেল-রিসোর্টসহ বিনোদন কেন্দ্র তৈরির সুযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, উন্নত সড়ক, রেল সংযোগ ও আন্তর্জাতিক বিমানবন্দরের সমন্বয়ে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল পর্যটন নগরী করা হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যে লক্ষ্য রয়েছে, কক্সবাজার তাতে অন্যতম প্রধান ‘গ্রোথ হাব’ হিসেবে ভূমিকা রাখবে।
মনোয়ারুল হক/
